ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করেছিলেন যে জন্য : তথ্যমন্ত্রী

ads

স্বাধীনতার জন্য জাতির মনন তৈরির লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিকব ৬ দফা ঘোষণা করেছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেছিলেন। প্রকৃতপক্ষে  যার লক্ষ্য ছিল ধাপে ধাপে যাতে জাতি স্বাধীনতার দিকে যায়, সেজন্য জাতির মনন তৈরি।

৬ দফার পক্ষে তৎকালীন পূর্ব বাংলার মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং এর ভিত্তিতেই ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করে ড. হাছান বলেন, এদেশের মানুষের নিরঙ্কুশ সমর্থনে জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছিলেন।

ইতিহাসের দিকে তাকিয়ে মন্ত্রী বলেন, বহু আগে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, আসলে এই পাকিস্তানের মধ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভবপর নয়, বাঙালিরা সবসময় নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। সেজন্য বহু আগেই তিনি স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। নানা আন্দোলন, সংগ্রাম পরিকল্পনার ধারাবাহিকতায় ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেছিলেন জাতির মনন তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসময় আক্ষেপ করে বলেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও এটি দুঃখজনক যে, একটি রাজনৈতিক দল (বিএনপি) এখনও স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা করেন, তাদের দলের মধ্যেও বহু স্বাধীনতাবিরোধী আছে এবং এখনও স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তি নিয়ে আমাদের কথা বলতে হয়। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এটি অত্যন্ত দুঃখজনক।

ads
ads
ads

Our Facebook Page